সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের অভিযোগ, চুরির পর তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাতেই প্রতিপক্ষ নিজেরাই ঘর ভেঙে দোষ চাপানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মাতুব্বরের স্ত্রী দুলালী বেগম অভিযোগ করেন, তার বসতঘর থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় তিনি ফজল মাতুব্বরের ছেলে রাব্বি, শাওন ও কোহিনুর শেখ, শহীদ মাতুব্বর, ফজল মাতুব্বর, বাবু মাতুব্বর, সেকেন্দার মাতুব্বরসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগ করেন। এ বিষয়ে আরিফ মাতুব্বর বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ফজল মাতুব্বরের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, চুরির ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের দাবি, সোমবার (২৭ জুলাই) বিকেলে তাদের বাড়ির টিনের ঘর ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিপক্ষ নিজেরাই ঘর ভেঙে তাদের ফাঁসানোর চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে হাট কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান (তিতাস) মিয়া বলেন, “ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ পাওয়া গেছে। আমাদের এলাকার কয়েকজনের নামও এতে এসেছে। তবে আমার জানামতে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই।
সদরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















