মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় কে উদ্ধার-অপহরণকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: রেজাউল করিম
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর মুক্তিপণ দাবি করে এক ব্যক্তিকে অপহরণ এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে ফরিদপুরে একটি অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মো. নিলয় শিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে পায়ে শিকল পরানো অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ আগস্ট নিলয় শিকদারকে অপহরণ করে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। নিলয়কে জীবিত ফিরে পাওয়ার আশায় তার পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। তবে টাকা দেওয়ার পরও নিলয়কে মুক্তি দেওয়া হয়নি। উল্টো আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে নিলয়ের কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন সময়ে মোট পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিদেশে না পাঠিয়ে অপহরণ করা হয়। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর কোতোয়ালি থানাধীন চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। অভিযানে ওই ভবনের একটি কক্ষ থেকে পায়ে শিকল ও তালা লাগানো অবস্থায় নিলয় শিকদারকে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২) ও মহুয়া আহমেদ (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানাধীন মুন্সীডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে এস এম মনোয়ার (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, অপহরণের পর নিলয়কে একটি কক্ষে আটকে রেখে তার পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে তাকে মারধর করা এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। নির্যাতনের সময় তার চিৎকার যাতে বাইরে শোনা না যায়, সে জন্য কক্ষে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলেও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের প্রলোভনে না পড়ে বৈধ ও নির্ভরযোগ্য মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি অপহরণ, মানবপাচার ও প্রতারণাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা র্যাবকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।




















