ফরিদপুরে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মোবাইল কোর্ট দুই প্রতিষ্ঠানে মামলা, জরিমানা ১ লাখ ৩ হাজার টাকা
- আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম- ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত এ মোবাইল কোর্টে মোট দুইটি মামলায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নিউ সুলতানী রেস্তোরাঁ, বিলমাহমুদপুর, বায়তুল আমান, সদর, ফরিদপুর-এর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে কাপড়ের রঙ ব্যবহারের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নিউ বেঙ্গল বেকারী, বায়তুল আমান, সদর, ফরিদপুর-এ উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যের ক্ষেত্রে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করেই পণ্য বিক্রি ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান, নাজমুন্নাহার নাঈম ও দীপ্ত চক্রবর্তী।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুর-এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ এস এম সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান।
কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে খাদ্যের মান ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিএসটিআই ফরিদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























