বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত
- আপডেট সময় : ০৭:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই ও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে গত শুক্র ও শনিবার এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়, যার মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন। সেখান থেকে দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে এই ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।
বঞ্চিতদের জন্য দলে আশ্বাস
এদিকে, মনোনয়ন না পাওয়া নেত্রীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দলের ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মূল্যায়ন অব্যাহত থাকবে। যারা এবারে মনোনয়ন পাননি, তাদের আগামীতে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
দলীয় নীতিনির্ধারকরা মনে করেন, তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করতে স্থানীয় নির্বাচনগুলোতে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাদের রাজনীতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় ঐক্য ও শক্তি বৃদ্ধি করতে সকল নেতাকর্মীকে একসাথে কাজ করতে হবে। মনোনয়ন পাওয়া-না পাওয়া নির্বিশেষে সবাইকে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
























