সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ছে। এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন অতিথিরা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















