রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ ও উদ্বেগ: শিশু নিরাপত্তায় কঠোর পদক্ষেপের দাবি ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এর সভাপতির
- আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি এই নির্মম ঘটনাকে মানবতা ও বিবেককে নাড়িয়ে দেওয়া এক বর্বরোচিত অপরাধ হিসেবে উল্লেখ করে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“যে শিশুটি পরম নিশ্চিন্তে পিতার বুকে মাথা রেখে ঘুমানোর কথা, যে শিশুটি ভাইয়ের কোলে হাসিমুখে নিরাপদ পৃথিবী খুঁজে পাওয়ার কথা, সেই শিশুটিকেই আজ নির্মমতার শিকার হতে হচ্ছে। রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর এ ধরনের পাশবিক নির্যাতন পুরো জাতির জন্য লজ্জা ও বেদনার।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনে শিশু-কিশোরদের আত্মত্যাগের গৌরব রয়েছে। অথচ সেই লাল-সবুজের ভূখণ্ডেই আজ কোমলমতি শিশুরা ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এ বাস্তবতা জাতির জন্য গভীর উদ্বেগের।
নাজমুল হুদা বাশার বলেন,
“শুধু প্রতিবাদ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেই হবে না। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”
তিনি রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো ভালোবাসা ও নিরাপত্তা দেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন,
“আসুন, পৃথিবীর প্রতিটি শিশুই হোক আমার, আপনার এবং আমাদের সকলের। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। নইলে হারিয়ে যাবে মানবতা, হারবে বাংলাদেশ।”


















