ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ এবং পাট অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও উৎপাদন কারখানায় আইনানুগ তদারকি করা হয়। মোবাইল কোর্টে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাথী ফল ভাণ্ডার-এ মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত মেসার্স রহমাতীয়া ভ্যারাইটিজ স্টোর-এ ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ধুলদী রেলগেট এলাকার মমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি-তে চানাচুর পণ্যের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার ভাষাণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি-তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলার হেলিপোর্ট এলাকার আমান ফিড লিমিটেড-এর ডিপোতে পোল্ট্রি ও ফিশ ফিড পণ্য পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বাহিরদিয়া-কোমরপুর এলাকার ইব্রাহিম ফিলিং স্টেশন-এ অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া গেলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, ওজন ও পরিমাপ ব্যবস্থা এবং শিল্পপ্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।










