জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ
- আপডেট সময় : ০৪:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
দেশের প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে আনতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী । পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে জরুরি স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে কাজ করছে। প্রথম পর্যায়ে একটি উপজেলাকে মডেল হিসেবে নির্বাচন করে প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে সফলতা ও কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে তা পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।
সভায় জানানো হয়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য তিন ধরনের আধুনিক অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা রয়েছে। এসব অ্যাম্বুলেন্স দেশের ভৌগোলিক বাস্তবতা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হবে।
প্রস্তাবিত অ্যাম্বুলেন্সগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট, জরুরি চিকিৎসা সহায়তা এবং রোগী পরিবহনের প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সংযুক্ত থাকবে। ফলে দুর্গম ও গ্রামীণ এলাকার রোগীরাও দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জানান, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন শুরু হলে দেশের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদেশ থেকে অ্যাম্বুলেন্স আমদানির ওপর নির্ভরতা কমবে, ব্যয় হ্রাস পাবে এবং স্থানীয় প্রযুক্তি ও শিল্প খাতের বিকাশ ঘটবে।
এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, রোগী পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় এবং স্বাস্থ্যখাতে টেকসই অবকাঠামো গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী , স্বাস্থ্য প্রতিমন্ত্রী , প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী , স্বাস্থ্যসচিব এবং বিভিন্ন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্ট মহল।


















