কানাইপুরে ১১০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শরীফ মোল্লা গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রশিকনগর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ফরিদপুরের দিকনির্দেশনায় এসআই জব্বার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রশিকনগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোঃ শরীফ মোল্লা (২৯)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শরীফ মোল্লা রশিকনগর এলাকার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, শরীফ মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তার কার্যক্রম নিয়ে জনমনে নানা আলোচনা থাকলেও অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।
স্থানীয়রা মনে করছেন, সাম্প্রতিক এই গ্রেফতারের ঘটনায় কানাইপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে নতুন গতি সঞ্চার হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।


















