ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম পরিমাপে জ্বালানি বিক্রির অভিযোগে ফিলিং স্টেশন বন্ধ, অনিবন্ধিত তেল জব্দ
- আপডেট সময় : ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর জেলার সদর, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযানে একটি ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহ ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনিবন্ধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, বেকারি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও মুদি দোকান পরিদর্শন করা হয়।
অভিযানে নগরকান্দার জয়বাংলা এলাকায় অবস্থিত মেসার্স মুন্সী ফিলিং স্টেশন-এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৫০ মিলিলিটার এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ১৫(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে তালমা মোড়ের আলহাজ্ব মজিদ ফিলিং স্টেশন, নগরকান্দা বাজারের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন এবং ভাঙ্গার সুয়াদী এলাকার সিসিবিএল ফিলিং স্টেশন-এর অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহ ইউনিটগুলোতে পরিমাপ সঠিক পাওয়ায় কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানায়।
অভিযানকালে তালমার বিসমিল্লাহ বেকারী, লস্করদিয়া কালিবাড়ীর ঢাকা বেকারী এবং বানেশ্বরদীর বিসমিল্লাহ এগ্রো ফার্ম পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত বিস্কুট, কেক, ব্রেড, সরিষার তেল ও ঘি পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া সদর উপজেলার টেস্টি আইসক্রিম ফ্যাক্টরি এবং নগরকান্দার এনসিটি কনজুমার প্রোডাক্টস প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনকালে বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গার পুখুরিয়া বাজারের বিভিন্ন মুদি দোকান, যার মধ্যে মা স্টোর ও শীতলা স্টোর উল্লেখযোগ্য, সেখানে অনিবন্ধিত সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় কিছু পরিমাণ তেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওই তেল বিক্রি না করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান দায়িত্ব পালন করেন।
বিএসটিআই সূত্র জানায়, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, মানসম্পন্ন পণ্য নিশ্চিতকরণ এবং সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















