বোয়ালমারীতে র্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২১ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বোয়ালমারী থানার ডোবরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী তালতলা এলাকার ইসরাইলের ছেলে।
র্যাব জানায়, ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৭২, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০, দণ্ডবিধির ৩৯৯ ধারার একটি ডাকাতি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া কোতয়ালী থানার মামলা নং-০৮, তারিখ ৯ এপ্রিল ২০২০, দণ্ডবিধির ৩৯৯ ধারার অপর একটি ডাকাতি মামলায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।
দুই মামলায় মোট ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।



















