চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) পরিচালিত এ অভিযানে আদর্শ স্কুল রোডের মেসার্স শরিফুল বেকারী বিস্কুট, ব্রেড ও কেক পণ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের কাছে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের মেসার্স হাজী বেকারি বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















