আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী
- আপডেট সময় : ১২:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি তার বাবার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোর তাকে কৌশলে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, নৈতিক শিক্ষার ঘাটতি এবং অপরাধের পর যথাযথ বিচার না হওয়ার সংস্কৃতি এমন ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
তারা মনে করেন, কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ফরিদপুরবাসীর প্রত্যাশা, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শিশুটির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।



















