- আপডেট সময় : ০২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিভিন্ন উন্নয়ন প্রস্তাব তুলে ধরলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
নাজমুল হুদা বাশার
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ দেশের সামগ্রিক উন্নয়ন এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় তিনি বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বাজেটের ওপর আলোচনায় চৌধুরী নায়াব ইউসুফ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা বৃদ্ধি, কুটির ও হস্তশিল্প খাতের উন্নয়ন এবং এসব শিল্পকে উৎসাহিত করতে নিয়মিত বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তাব দেন। পাশাপাশি পাট শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।
তিনি পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর নদীশাসন ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নদীভাঙন কবলিত এলাকার উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, গণশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং নিরক্ষর ও প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর জন্য নৈশকালীন বিদ্যালয় চালুর প্রস্তাব করেন।
সংসদে দেওয়া তাঁর এ প্রস্তাব ও দাবিগুলো বাস্তবায়িত হলে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।



















