ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১
- আপডেট সময় : ০১:২১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নাজমুল হুদা বাশার, ফরিদপুর প্রতিনিধি:
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করছিল। এসব অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার ও অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালানো হচ্ছিল।
ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত হয় যে, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ব্যক্তিদের কোনো সম্পর্ক নেই। পরে রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে র্যাব-১০ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪), পিতা- আব্দুল বাকী দর্জি, গ্রামের বাড়ি আজিমনগর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে যে, অভিযুক্ত ডিজিটাল মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে যোগাযোগ করা হলে পরিচয় যাচাই না করে অর্থ লেনদেন কিংবা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা উচিত নয়। এ ধরনের প্রতারণার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা র্যাবকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।



















