ভাঙ্গায় র্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, মাদক পরিবহনের কাভার্ড ভ্যান জব্দ
- আপডেট সময় : ০৫:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ব্যুরো চীফ, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও অভিযানের শুরুতেই দুইজন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানের কাছে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুই ব্যক্তি দ্রুত গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জব্দ করা মাদকের পরিমাণ ১০০ কেজি, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে র্যাবের ধারণা, পালিয়ে যাওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গা এবং আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত যানবাহন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ হুমকি। এটি তরুণ প্রজন্মকে বিপথগামী করার পাশাপাশি পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতিকে সামনে রেখে র্যাব ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাব-১০-এর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।



















