ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু
- আপডেট সময় : ০১:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কার পথে যাত্রাকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা এবং তার দুই সন্তান। দুর্ঘটনায় পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ–মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)।
আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তাসবিক ও জারা মারা যান। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম খোকন ও নাবিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, পরিবারের সবাই একসঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা, যা মুহূর্তেই তাদের আনন্দের সফরকে শোকে পরিণত করে।
রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, বোন ও তার দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভগ্নিপতি ও বড় ভাগ্নে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ দেশে আনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্যরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।



















