সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক
- আপডেট সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর:
সৌদি আরবে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, এমপি।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শোকবার্তায় তিনি নিহত তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছেলে তাসবিক এবং মেয়ে জারা-এর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ও মানসিক শক্তি প্রার্থনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।










