ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ার তুহিন, সদর উপজেলা প্রতিনিধি
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার রঘুনন্দনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভারতী রানী দাস (৪০)-এর নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সময়ে আশেক মোল্লা (৩০)-এর হেফাজত থেকে আরও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মোট ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই উভয়কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের ‘ক’ সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















