কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস
- আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ এবং পরবর্তী সময়ে প্রসূতি কণিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কণিকা মণ্ডলের বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিহত কণিকা মণ্ডল ওই গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৯ জুন সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য কণিকাকে ফরিদপুরের সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যাসন্তান প্রসব করান। অস্ত্রোপচারের পরদিন থেকেই কণিকার পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে শুরু করে।
পরিস্থিতির অবনতি হলে ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের ভাষ্য, সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৭ জুলাই কণিকার পেটের ভেতরে গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। ওই দিনই অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়।
এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে কণিকা মণ্ডলের মৃত্যু হয়।
ঘটনাটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেনের নজরে আসে। পরে তার নির্দেশে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শুক্রবার সকালে কণিকার বাড়িতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন এসএম মাসুদ, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















