সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
- আপডেট সময় : ০৭:২৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম- ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়াগট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে একই এলাকার গট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে নুরু মাতুব্বরের পক্ষের নান্নু মাতুব্বর (৪০) ও আব্দুল্লাহ মাতুব্বর (১৮) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সালথা থানা পুলিশের একটি টিম বালিয়াগট্টি বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

























