রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: র্যাব-১০ এর অভিযান
- আপডেট সময় : ০২:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম,ফরিদপুর প্রতিনিধি:
রাজবাড়ী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামির নাম ইমরুল হাসান মধু (৪৪)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন কাহারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়ার জিআর মামলা নং-৩৩১/১৯ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমরুল হাসান মধুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরুল হাসান মধু রাজবাড়ী সদর উপজেলার ভবাণীপুর এলাকার বাসিন্দা এবং হাজী আব্দুস সাত্তারের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















