আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক শরিফুল শেখ আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।”

















