নেশার টাকা যোগাড় কে কেন্দ্র করে ফরিদপুরে নিজ মা কে হত্যা, পলাতক মাদকাসক্ত ছেলে
- আপডেট সময় : ০৩:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম, ফরিদপুর:
ফরিদপুর শহরে নেশার টাকার জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মাদকাসক্ত ছেলে রাহিম শেখ (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার মা শামেলা আক্তারকে (৬০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি বাড়ির দোতলার ছাদ থেকে এক নারী শামেলা আক্তারের রক্তাক্ত মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসীর দাবি, রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে তিনি প্রায়ই মা ও পরিবারের অন্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক আগে তিনি তার সৎমাকেও কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কয়েক বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ আলাওল তনু বলেন, “মায়ের হাতে সন্তানের নয়, সন্তানের হাতে মায়ের এমন নির্মম মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ঘটনাস্থল থেকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরে তল্লাশি চালিয়ে ফয়েল পেপার, মোমবাতি, সিগারেটের প্যাকেটসহ মাদকসেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত রাহিম শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।



















