জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত
- আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আকামাল খান (৬৫) ও তাঁর ছেলে রবিউল খান (২৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মাচ্চর ইউনিয়নের জয়দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী আকামাল খান জানিয়েছেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে আকামাল খান উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল। পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয় এবং সীমানার খুঁটি স্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধিরা চলে যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে এসে হামলা চালান। এ সময় তাঁকে গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর ছেলে রবিউল খান এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে বাবা-ছেলে দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন আকবর খান (৬১), ছাবের খান (৫৫), আরাফিন খান (৪৫), মুক্তার খান (৫০), ফারুক খান (৪২), রাকিব খান (২১) ও রাসেল খান (২৩)। এ ছাড়া তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আকামাল খান জানান, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে।























