ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০২:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকরা। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, মাদক নির্মূলসহ নানা সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সবার বক্তব্য শ্রবণ করেন এবং জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, “সাংবাদিক ও পুলিশ সমাজের কল্যাণে পরস্পরের পরিপূরক শক্তি। আমরা একই উদ্দেশ্য নিয়ে কাজ করি—অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর সমাজ গঠন।” তিনি আরও বলেন, ফরিদপুর শহরকে যানজটমুক্ত করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় কাঠামোগত উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় তিনি মাদককে জিরো টলারেন্স নীতিতে রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক নির্মূলে কোনো প্রকার আপস নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”
সৌজন্য সাক্ষাতের পুরো সময় জুড়ে সাংবাদিকরা বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের ভূমিকার প্রশংসা করে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ফরিদপুর গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য এর আগে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ফরিদপুর পুলিশ সুপার।
















