৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেলে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার- ফরিদপুর
৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, দেশের চলমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সরকারি চাকরিজীবীরাও চরম আর্থিক সংকটে পড়েছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও দিন দিন কঠিন হয়ে উঠছে।
বক্তারা অভিযোগ করে বলেন, ৯ম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং বিভিন্ন সময়ে গুজব ও অস্পষ্ট বক্তব্য ছড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিভ্রান্ত করা হচ্ছে, যা তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে তুলছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত জনগণের সেবায় নিয়োজিত থাকলেও তাদের ন্যায্য দাবি নিয়ে সরকার উদাসীন ভূমিকা পালন করছে। “আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, অথচ আমাদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না,”—বলেন তারা।
দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন বক্তারা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বিক্ষোভ সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।














