জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ব্যানার ছেঁড়া এবং নেতাকর্মীদের চিরকুটের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মুকিম, মাওলানা হাবিবুর রহমান, ডা. আবু ওবাইদা, মোফাচ্ছেল হক, হারুন অর রশিদ ও আখতার ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।















