রাজবাড়ী রেলস্টেশন থেকে গাঁজা ও বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

রেজাউল করিম – ফরিদপুর
রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল। অভিযানে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও ৩ হাজার টাকা মূল্যের ১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ মোছা: শিরিন শান্তি (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও মদ সংগ্রহ করে রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
















