ফরিদপুরে গোয়াল ঘরে আগুন: পুড়ে মারা গেছে ২ গরু ও ৪ ছাগল, অসহায় পরিবারের আহাজারি।
- আপডেট সময় : ০৮:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুর সদর উপজেলার ভূয়ারকান্দী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়াল ঘর পুড়ে দুইটি গরু ও চারটি ছাগলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মোঃ সামসু শেখ (৭০) জানান, রাতের বেলা নামাজ শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ আশেপাশের লোকজনের চিৎকারে ঘুম ভেঙে গেলে বাইরে এসে দেখেন, তার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, আমি একজন অসহায় মানুষ। আমার তিনটি মেয়ে, কোনো ছেলে নেই। গ্রামে ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করি। এই দুইটি গরু ও চারটি ছাগলই ছিল আমার শেষ সম্বল। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি সরকার ও দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি, যাতে আবার সংসার চালাতে পারি।
স্থানীয় বিএনপি নেতা মোঃ আলমগীর বলেন, সামসু শেখের পরিবারটি অত্যন্ত অসহায়। আমি সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি, তারা যেন এই পরিবারটির পাশে দাঁড়ান। তিনি ফরিদপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সহায়তার আহ্বান জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনে পুড়ে মারা যাওয়া দুইটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং চারটি ছাগলের মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা।
ঘটনার পর এলাকায় শোক ও সহানুভূতির ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























