ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ শেখকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মোঃ শাহীন শেখ, বিশেষ প্রতিনিধি
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ গ্রামের বাসিন্দা ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (গতকাল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, একই এলাকার শামীম নামে এক ব্যক্তি কৌশলে ইউসুফ শেখকে ডেকে নিয়ে যান। পরে সেখানে জুলহাস, আক্কাস, সিদ্দিক,নাজমুল, নুরু, ও ইয়াসমিন এর সহায়তায় তাকে মারধর করা হয় এবং জোর করে বিষপান করানো হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ইউসুফ শেখকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চরভদ্রাসন থানার পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















