দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর
দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। বরং কৃষকদের চাহিদা পূরণের পরও আগামী চার মাসের প্রয়োজন মেটানোর মতো অতিরিক্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, একটি মহল অসাধু ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের সহযোগিতায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, দেশের পেঁয়াজ উৎপাদনে ফরিদপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার কৃষকরা দেশের মোট পেঁয়াজের চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করছেন। উৎপাদিত পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণে কৃষকদের সহায়তা করতে ‘এয়ার ফ্লো মেশিন’ দেওয়া হয়েছে। আগামী মৌসুম শুরুর আগেই আরও কৃষকের মধ্যে এ ধরনের মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।
পাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাট উৎপাদনে ফরিদপুরের রয়েছে দীর্ঘদিনের সুনাম। কৃষকরা যাতে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর বিষয়েও সরকারি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বক্তব্য দেন।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় পেঁয়াজ ও পাট চাষিরা।
সভায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদন, সংরক্ষণ, ন্যায্যমূল্য, সার সরবরাহসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা কৃষকদের এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।




















