ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে ‘পল্লী জসীম মেলা’ পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ফরিদপুরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর তথা বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের চিত্র সাহিত্যে তুলে ধরেছেন। তাঁর স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে পল্লী জসীম মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুরে পল্লী জসীম মেলা অনুষ্ঠিত না হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই কবির স্মৃতিবিজড়িত জেলা ফরিদপুরে ঐতিহ্যবাহী এ মেলা পুনরায় আয়োজনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।













