সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক
- আপডেট সময় : ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুরে এক মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ীকে হানিট্র্যাপে (ফাঁদে) ফেলে জিম্মি করে মারধর ও টাকা লুটের অভিযোগে চক্রের দুই নারীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
গত বুধবার (২১ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত নারীরা হলেন—কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) এবং ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)।
প্রতারণার শিকার ভুক্তভোগী ইব্রাহীম খান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তেলজুরি গ্রামের হাফিজুর রহমানের পুত্র। তিনি একজন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী। সদরপুরে তার তিনটি মোবাইল এক্সেসরিজের দোকান রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ভুক্তভোগী ইব্রাহীম খান বাদী হয়ে অঞ্জনা, অঞ্জনার স্বামী সুমন, মালা আক্তার ও সিজানসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
এজহারে ইব্রাহীম উল্লেখ করেন, গত ২০ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে কলেজে পড়াশোনা করার সুবাদে পূর্বপরিচিত অঞ্জনা তাকে ফোন করে জানান যে, নতুন বাসার তৃতীয় তলায় তিনি কিছুটা বিপদে আছেন এবং তাকে দ্রুত সেখানে যেতে বলেন। অঞ্জনার কথায় বিশ্বাস করে ইব্রাহীম সেখানে পৌঁছামাত্রই অঞ্জনা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেন। এর কিছুক্ষণ পর পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত অন্য ৩ জনসহ অজ্ঞাত ১০/১২ জন সেখানে উপস্থিত হয়ে ইব্রাহীমকে মারধর শুরু করেন। এ সময় তার সাথে থাকা একটি আইফোন ছিনিয়ে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরবর্তীতে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বাকি দেড় লাখ টাকার জন্য তাকে বেদম মারধর ও মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় ১৮ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয়।
পরদিন দুপুরে ইব্রাহীম বাধ্য হয়ে তার বেয়াই ও সদরপুর যুবদল নেতা সোহেল মোল্যাকে টাকা নিয়ে সেখানে আসতে বলেন। সোহেল মোল্যার বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে সদরপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশের সহায়তায় ২১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে ইব্রাহীমকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য পুরুষ সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অঞ্জনা ও মালা নামের দুই নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক:












