ফরিদপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম
- আপডেট সময় : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার-বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে ১৪ মাসের সফল ও সুনামধন্য দায়িত্ব পালনের পর জেলা পুলিশের সর্বস্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা নিয়ে বিদায় নিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদপুর পুলিশ লাইনসে এক আবেগঘন পরিবেশে বিদায়ী পুলিশ সুপারকে চৌকস পুলিশ দলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ লাইনসে বিদায়ের মুহূর্তে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বপালনের সময়ে তাঁর মানবিক আচরণ, পেশাদার দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন সহকর্মীরা।
নিজেও পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময়ের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মোঃ আব্দুল জলিল, পিপিএম। তিনি বলেন—
“ফরিদপুরে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এখানে কর্মরত প্রত্যেক সদস্য আমার পরিবারের মতো। আপনাদের সহযোগিতা, পরিশ্রম ও নিষ্ঠার কারণেই আমি কাজগুলো সফলভাবে শেষ করতে পেরেছি। আপনাদের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ পথচলা যেন শান্তিময় ও সফল হয়—এই আমার আন্তরিক কামনা।”
পরে সন্ধ্যায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-এর নিকট।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিদায়ী পুলিশ সুপারের সফল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বিদায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সিভিল সার্জেন্ট, ইন্সপেক্টর, এসআই, এএসআইসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনেকেই বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাঁর মানবিক নেতৃত্বের প্রশংসা করে বলেন—
“তিনি একজন পরিশ্রমী, আন্তরিক ও জনবান্ধব অফিসার। তাঁর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ সুসমন্বিতভাবে কাজ করতে পেরেছে।”
জেলার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁর ভূমিকা ও নিষ্ঠার প্রশংসা করেন। দায়িত্বপালনের প্রতিটি মুহূর্তে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন—যা ফরিদপুরবাসীর কাছে তাকে আরও প্রিয় করে তুলেছে।১৪ মাসের দায়িত্ব শেষে শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া নিয়ে ফরিদপুর ছাড়লেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম।


























