আকইন চরপাড়া জামে মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের আকইন চরপাড়া জামে মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
চরপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও পাটোয়ারী মার্কেটের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান শামিম। সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
মাহফিলে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলোচকগণ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দ্বীন, নৈতিকতা, সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ বিষয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বয়ান প্রদান করেন। তাঁদের হৃদয়গ্রাহী বক্তব্যে ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আকইন চরপাড়া জামে মসজিদ এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক চেতনা বিকাশে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে চলেছে। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদটির অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে দ্বিতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে এলাকাবাসীসহ সর্বস্তরের মুসলমানদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এছাড়াও এলাকাবাসীরা জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ওয়াহিদুজ্জামান শামিমের উদ্যোগে ‘খাদিজাতুল কুবরা (রা.)’ নামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করায় তাঁরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ প্রতিষ্ঠান নারী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলের সমাপ্তি ঘটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

























