সদরপুরে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার
- আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের সদরপুর থানায় সংঘটিত আলোচিত হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সোমবার (২ জুন) সদরপুর থানা এলাকায় সংঘটিত সদরপুর থানার মামলা নং-২৮, তারিখ ৩০ মে ২০২৬, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় রুজুকৃত হত্যা মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি ঘটনাস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু এবং সদরপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলাটির তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।










