গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মোঃ নজরুল ইসলাম হিরু
গ্রেটার ফরিদপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক ফরিদপুরের গজারিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুন, ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোঃ হানিফ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাবা ইসরাত জাহান মেরি, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম (নুরু) মণ্ডল, বিশিষ্ট শিক্ষক বাবু মদন গোপাল সাহা এবং বাবু সুকুমার চন্দ্র সাহা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা অনুরাগী ব্যক্তি, সুধীজন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের পরিচালক জনাব আকতার হোসেন শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক যুগে আন্তর্জাতিক ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন স্যার তাঁর বক্তব্যে বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের অর্জিত সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
প্রধান অতিথি মোঃ হানিফ মণ্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সুশিক্ষাই একজন শিক্ষার্থীকে জীবনের সর্বোচ্চ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।



















