সদরপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিলল শিশুর গলিত লাশ: গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ৫
- আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত উপজেলার চন্দ্রপাড়া পুরাতন ঘাটের আবদুর রশিদের ছেলে এবং হানিফ হাজীর ডাংগী কওমী মাদ্রাসার ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মেলা থেকে নিখোঁজ ও রহস্যময় ফোন কল
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার শরীফ সংলগ্ন ট্রলার ঘাটে মহরম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাত। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।
আজ সোমবার দুপুরে ওই মেলার দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) নামের এক যুবক নিহত শিশুর বোন রওশানারাকে মোবাইলে ফোন করে লাশের অবস্থান জানায়। ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের লোকজন কাশবনে গিয়ে শাহাদাতের গলিত মরদেহ দেখতে পায় এবং তাৎক্ষণিক সদরপুর থানা পুলিশকে খবর দেয়। তবে ঘটনার পর থেকেই তথ্যদাতা ইয়াছিন পলাতক রয়েছে।
৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মেলার ওই দোলনার মালিকসহ অন্য কর্মচারীদের আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো:
দেলোয়ার বেপারী: দোলনার মালিক (মৃত আয়েত আলী বেপারীর ছেলে, জাজিরা, শরীয়তপুর)।
রিয়াজ: কর্মচারী (আশ্রাফুলের ছেলে, ঝিনাইদহ সদর)।
তামিম মোল্যা: কর্মচারী (সাহেব মোল্যার ছেলে, মোহাম্মদপুর, মাগুরা)।
জিহাদ মাহমুদ: কর্মচারী (লিটন মিয়ার ছেলে, হাটগোপালপুর, ঝিনাইদহ)।
শাকিল ইসলাম: কর্মচারী (মনিরুল ইসলামের ছেলে, ঝিনাইদহ সদর)।
পুলিশি তৎপরতা
ঘটনার পরপরই ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙা সার্কেল) মো. রেজাউন দীপু ও সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান—
“শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।”
ছবি সংযুক্ত
শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
০১৭১৯১০৩৬১৫
তাং ২৯/৬/২০২৬ ইং

















