ফরিদপুরে হাসপাতাল থেকে নবজাতক নিখোঁজ, পরিবারে মাতম।
- আপডেট সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫)ইং সকাল ১০টার সময় ফরিদপুরের ড. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল থেকে একটি নবজাতক শিশুর নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতকের মা মিম এবং বাবা মো. ইকবাল শেখ, ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা। ইকবাল শেখ জানান, গত ২১ অক্টোবর আমাদের ছেলে সন্তানের জন্ম হয়। চিকিৎসাধীন অবস্থায় আমরা হাসপাতালে ছিলাম। আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন জানতে পারি আমাদের সন্তানকে অন্য এক পরিবার নিয়ে সদরপুর এলাকায় চলে গেছে। আমরা আমাদের সন্তানকে দ্রুত ফিরে পেতে চাই। হাসপাতালের কিছু নার্স আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেছে। আমরা কঠোর বিচার দাবি করছি।
নবজাতকের মামা বলেন, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা রয়েছে। বিষয়টি পরিকল্পিতও হতে পারে। আমরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
নবজাতকের দাদি জানান, আমার নাতিকে দুধ খাওয়াবার কথা বলে এক নার্স নিয়ে যায়, এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আক্কাস মন্ডল বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে। বর্তমানে আমাদের তথ্য অনুযায়ী শিশুটি ফরিদপুর জেলার সদরপুর এলাকায় অবস্থান করছেন।
ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনেরা হাসপাতালে জড়ো হয়ে দ্রুত তদন্ত ও শিশুটির নিরাপদ ফেরতের দাবি জানিয়েছেন।
























