ফরিদপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম,ফরিদপুর:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুর পৌরসভার উদ্যোগে পালিত হয়েছে ১১৬তম আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৮ মার্চ ২০২৬) সকালে ফরিদপুর পৌরসভা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, মহিলা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাসউদা হোসেন এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ তানজুর রহমান।
দিবসটি উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাহসী ও সংগ্রামী নারীদের সম্মাননা প্রদান করা হয়। ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে এ বছর প্রথম স্থান অর্জন করেন ফরিদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভিলেজ মিল্ক লিমিটেড ও ফিরোজা এগ্রো এন্ড ফুডের স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা মিসেস পারভিন আক্তার। দ্বিতীয় স্থান অর্জন করেন ১১ নং ওয়ার্ডের আসিয়া খানম এবং তৃতীয় স্থান অর্জন করেন ৫ নং ওয়ার্ডের আফরোজা ইয়াসমিন। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি বলেন, নারীর ক্ষমতায়ন এবং সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিটি ধাপে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান এবং ভবিষ্যতে এই অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা আর সমাজের বোঝা নন; বরং শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের দক্ষতা ও মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ সময় নারী উদ্যোক্তা মিসেস পারভিন আক্তার তার জীবনের সংগ্রামের গল্প তুলে ধরে বলেন, তিনি মাত্র ছয় হাজার টাকা পুঁজি নিয়ে ফরিদপুর থেকে দুধ সংগ্রহ করে ঢাকায় বিক্রি করার মাধ্যমে তার ব্যবসা শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগ আজ বড় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বর্তমানে তিনি একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, “নারী এই সমাজের বোঝা নয়। আমাদের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে ঘুরে দাঁড়াতে হবে।” পাশাপাশি তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নারীকে যেন অল্প বয়সে বিয়ে না দেওয়া হয় এবং তাদের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়।
অনুষ্ঠানটি নারী শক্তির অদম্য অগ্রযাত্রা ও নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিয়ে এক অনুপ্রেরণামূলক পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।























