শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার সংলগ্ন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবলীগের দুই নেতার বিরুদ্ধে, জমিতে থাকা বাঁশের খুঁটি তুলে ফেলে জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দিতে গেলে জমির মালিকপক্ষকে মারধরের অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মৃত করিম মাদবরের দুই কন্যা ভিন্ন ভিন্ন পাঁচটি দাগে মোট ১২ শতক জমি মিলন মাদবরের কাছে বিক্রি করেন। তবে ক্রেতা মিলন মাদবর ওই ১২ শতক জমি একটি দাগে ভোগদখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এতে মৃত করিম মাদবরের অন্যান্য ওয়ারিশরা আপত্তি জানান।
অভিযোগ রয়েছে, সকাল ৭টার দিকে বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মোল্লা ও যুবলীগ সদস্য সাইদ সিপাই ওই জমিতে গিয়ে বাঁশের খুঁটি তুলে ফেলেন। বিষয়টি জানতে পেরে মৃত করিম মাদবরের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে বাধা দিলে তাদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মৃত করিম মাদবরের ছেলে-মেয়েদের দাবি, জমি যেহেতু ভিন্ন ভিন্ন দাগে বিক্রি করা হয়েছে, তাই ক্রেতা একটি দাগে পুরো ১২ শতক জমি ভোগদখল করতে পারেন না। তারা সংশ্লিষ্ট দাগ অনুযায়ী জমি বুঝে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জমির ক্রেতা মিলন মাদবরের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি মৃত করিম মাদবরের মেয়েদের কাছ থেকে ভিন্ন ভিন্ন দাগেই জমি কিনেছেন। তবে বিক্রেতারাই তাকে একটি দাগে জমি ভোগদখল করতে বলেছেন বলে দাবি করেন তিনি।
মিলন মাদবর আরও দাবি করেন, “এমপি সাহেবের কথায়” তিনি ওই জমিতে দখল নিতে গিয়েছিলেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির প্রকৃত মালিকানা, দখল ও বিক্রয়কৃত জমির দাগসংক্রান্ত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা কাওসার মোল্লা ও সাইদ সিপাইয়ের বক্তব্য পাওয়া যায়নি।









