ফরিদপুরের রমজান উপলক্ষে বিশেষ সার্ভিল্যান্স অভিযান
- আপডেট সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রেজাউল করিম -ফরিদপুর:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, কসমেটিকস সামগ্রী ও বাজারে ব্যবহৃত ওজনযন্ত্রের মান নিশ্চিত করতে ফরিদপুরে বিশেষ সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডs অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জেলা কার্যালয় ফরিদপুর। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলা-এর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণে পরামর্শ
অভিযানে বেকারি ও মিষ্টান্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করে সংশ্লিষ্ট মালিকদের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। পরিদর্শিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—
আল্লাহর দান বেকারী (সহস্রাইল বাজার, বোয়ালমারী), ভাই ভাই শেখ বেকারী (মালা, আলফাডাঙ্গা), একতা বেকারী এন্ড ফাস্ট ফুড (উপজেলা রোড, আলফাডাঙ্গা), সূর্যমুখী মিষ্টান্ন ভাণ্ডার, মোল্লা মিষ্টান্ন ভাণ্ডার, নিউ আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডার এবং নাসীর বেকারী (বাজার রোড, বোয়ালমারী)।
ক্ষতিকর স্কিন ক্রিম বিক্রি না করার নির্দেশনা
সরকার কর্তৃক ঘোষিত ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর স্কিন ক্রিম বিক্রি ও মজুদ না রাখার বিষয়ে বোয়ালমারীর স্টেশন রোড ও নিউ মার্কেট এলাকার ২২টি কসমেটিকস ও ভ্যারাইটিজ দোকানকে সতর্ক করা হয়। এসব প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
ওজনযন্ত্র যাচাই ও ভেরিফিকেশন সনদ তাগাদা
অভিযানের অংশ হিসেবে জুয়েলারি, মুদি ও ফলের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। নিউ মার্কেট এলাকার চন্দন জুয়েলার্স ও সাজ জুয়েলার্সসহ আলফাডাঙ্গা বাজার ও বোয়ালমারী চৌরাস্তার কয়েকটি ফলের দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের তাগাদা দেওয়া হয়।
এসময় স্বপ্ন সুপার শপের সবগুলো ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ সঠিক পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ফলের ফরমালিন পরীক্ষা: সবগুলো ফল নিরাপদ
দৈবচয়নের মাধ্যমে পলাশ ফল ভাণ্ডার, হারুন ফল ভাণ্ডার ও মফিজ ফল ভাণ্ডার থেকে আঙুর (কালো), মাল্টা, আপেল ও কমলা সংগ্রহ করে মোট ৮টি নমুনার ফরমালিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এতে সংশ্লিষ্ট ফল ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয় এবং নিরাপদ খাদ্য সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনায় যারা ছিলেন
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন, পরিদর্শক মোঃ জুবায়ের আল-সিদ্দিকী এবং পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি) মীর জি. এম. জাকারিয়া।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এবং রমজানে নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











