বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

রেজাউল করিম -ফরিদপুর:
ফরিদপুরে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর। বুধবার (০৪ মার্চ ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পূর্ব খাবাসপুর এলাকার মেসার্স কেএম পিওর ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম নিবন্ধন সনদ গ্রহণ না করে বাজারজাত করায় “বিএসটিআই আইন-২০১৮” এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নতুন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স প্রগতি ফিলিং স্টেশনে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১০ লিটারে ১৬০ মিলিলিটার এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল পরিমাপে কম পাওয়া যায়। এ অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপ্ত চক্রবর্তী এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাকিব রহমান আকাশ। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: শামিমা আক্তার উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মোঃ জুবায়ের আল সিদ্দিকী।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার রক্ষা ও পণ্যের মান নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












