অম্বিকাপুর ওয়ার্ডবাসীর সঙ্গে এমপি নায়াব ইউসুফের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার -ফরিদপুর:
ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের অম্বিকাপুর এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সাবেক পৌর কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদল-এর সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ এবং কোতয়ালী থানা বিএনপি-এর সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ডের বিপুলসংখ্যক বাসিন্দা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা অম্বিকাপুর এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে একটি রেলওয়ে ব্রিজ নির্মাণের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়, যা বাস্তবায়িত হলে যানজট নিরসন এবং যোগাযোগব্যবস্থা সহজ হবে বলে মত দেন এলাকাবাসী। পাশাপাশি পুরাতন ভূমি অফিস ভবনের সংস্কার এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, অম্বিকাপুরসহ ১০ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি আশ্বস্ত করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
সভাটি স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জনদাবি তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ওয়ার্ডবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটবে।


























