শিবচরে আগুন আতঙ্কে হাসপাতাল থেকে নামতে গিয়ে আহত ৫ রোগী
- আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা ,মাদারীপুর প্রতিনিধিঃ
আগুন আতঙ্কে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌঁড়ে হাসপাতাল থেকে বাইরে বের হন। তাড়াহুড়ো করে ৬ষ্ঠ তলা ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন ৫ জন।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোন ঘটনা না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘন্টার পর রোগীরা হাসপাতালের শয্যায় ফিরে যান।
জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমিষেই হাসপাতালের ৬ষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫জন।
খবর পেয়ে হাসপাতালের আরএমও ডাঃ ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোন আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষন করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত ১১টার দিক রোগীরা আসনে ফিরে যান।
মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।তবে, বড় কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।
###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ০৯-০৩-২০২৬
মোবা:০১৭১১-০২৭৫১১



















