ফরিদপুরে ফুল বাগান থেকে দু’টি ককটেল বোমা উদ্ধার!
- আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৮৪৮ বার পড়া হয়েছে

শামীম হোসেন
ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকায় আব্দুল ওয়াদুদ মোল্যার বাড়ির ফুল বাগান থেকে দু’টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকালের দিকে ওই ককটেল বোমা দু’টি উদ্ধার করে ফরিদপুর র্যাব-১০ (সিপিসি-৩) কিছু সদস্যবৃন্দ। উদ্ধারকৃত ককটেল বোমা দু’টিকে উপস্থিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় ভাটি কানাইপুরের আব্দুল ওয়াদুদ মোল্যা ওরফে ওয়াদুদ মেম্বার (সাবেক মেম্বার) এর বাড়ির ফুল বাগানে দু’টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে উৎসূক জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। প্রায় একই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া খবর পেয়ে স্থানীয় ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন উপস্থিত হন।
এরপর র্যাব-১০ (সিপিসি-৩) এর কিছু র্যাবসদস্য ঘটনাস্থলে আসেন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ওই র্যাব সদস্যদের মধ্য থেকে একজন রিস্ক নিয়ে কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়াই ককটেল বোমা দু’টি বেলচা দিয়ে তুলে একটি পানি ভর্তি বালতিতে রেখে দেন। ককটেল বোমা দু’টি পানির বাতলিতে রাখার সাথে সাথে বুদবুদের সৃষ্টি হতে থাকে। কিছুক্ষণের মধ্যে বুদবুদ বন্ধ হলে বালতির পরিস্কার পানি কিঞ্চিত ঘোলা হয়ে যায়।
পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ ওই অবস্থায় ককটেল বোমা দু’টিকে থানা হেফাজতে নিয়ে যান।
ফরিদপুর সদরের ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ জানান, ‘ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে স্থানীয় প্রশাসন তেমনটি আশা করছি।’ এসময় তিনি এমন ঘটনা এড়াতে বাড়ির মালিক ওয়াদুদ মোল্যাকে তাঁর বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
ঘটনাস্থল থেকে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদ জানান, ‘ওয়াদুদ মোল্যার বাড়ির ফুলের বাগান থেকে উদ্ধারকৃত ককটেক বোমা সাদৃশ্য বস্তু দু’টি থানায় নিয়ে যাচ্ছি।’ এছাড়া, পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবতী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও এসময় গণমাধ্যমকে জানান তিনি।












