“হোটেল সস্তা খাবার”-এর উদ্যোগে ২৮ রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে

রেজাউল করিম-ফরিদপুর
পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে এসে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় এক হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হলো “হোটেল সস্তা খাবার”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ২৮ রমজানে আয়োজিত এ মাহফিলটি এলাকাবাসীর মাঝে এক ভ্রাতৃত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
গোয়ালচামট ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে অবস্থিত হোটেলটির স্বত্বাধিকারী সাবিত হাসানের আন্তরিক উদ্যোগে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তার বাবা, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতারের পূর্ব মুহূর্তে ধর্মীয় আলোচনা এবং শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করা হয়। দোয়ার সময় উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
হোটেলটির মালিক সাবিত হাসান বলেন, “এলাকাটি মূলত শ্রমজীবী মানুষের বসবাস ও কর্মস্থল। পাশে ফরিদপুর বাস টার্মিনাল, মাইক্রোবাস স্ট্যান্ড ও কিষানহাট থাকায় প্রতিদিন অসংখ্য শ্রমিক এখানে আসেন। তাদের কষ্টের কথা চিন্তা করেই স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্য নিয়ে ‘হোটেল সস্তা খাবার’ চালু করেছি।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করি যেন কম দামে সবাই পেট ভরে খেতে পারে। পাশাপাশি পার্সেল ব্যবস্থাও চালু রয়েছে, যাতে ব্যস্ত মানুষ সহজেই খাবার নিয়ে যেতে পারেন।”
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী কয়েকজন গ্রাহক জানান, এই হোটেলে কম খরচে ভালো মানের খাবার পাওয়া যায়, যা তাদের জন্য অনেক বড় স্বস্তি। এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছে বলেও তারা মনে করেন।
স্থানীয়দের মতে, শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা যেমন মানবিক উদ্যোগ, তেমনি ইফতার ও দোয়া মাহফিলের মতো আয়োজন সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তারা এই উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















