নগরকান্দায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগ চরমে
- আপডেট সময় : ০৭:৪৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুর নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলারদাঙ্গী গোবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে একটি চক্র অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুলারদাঙ্গী গোবট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক ছাড়াও আশপাশের বিভিন্ন রাস্তা ভারী ড্রাম ট্রাক ও ট্রলির চলাচলের কারণে ধসে পড়ছে। বিশেষ করে স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এসব রাস্তা ব্যবহার করছে। এছাড়া অতিরিক্ত ধুলাবালুর কারণে বৃদ্ধ ও সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলে এসব সড়কে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি উত্তোলনের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের আরও দাবি, প্রভাবশালী এই চক্রের কাছে মাটি কাটা বন্ধ করার কথা বললে তাদের হুমকি দেওয়া হয়। এমনকি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা। এলাকাবাসীর ভাষ্য, অভিযুক্তরা এসি ল্যান্ড অফিসের একটি অনুমতির কাগজ দেখালেও সেখানে মাটি বিক্রির কোনো অনুমতি নেই। তারপরও কীভাবে তারা প্রকাশ্যে মাটি উত্তোলন করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এদিকে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, ভিডিও করতে নিষেধ করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষায় গালাগালিও করা হয়।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু অভিযান চালিয়ে সাময়িকভাবে বন্ধ করলেই হবে না, ভবিষ্যতে যাতে কেউ এমন কর্মকাণ্ড করার সাহস না পায় সে বিষয়েও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।





















