মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে ফরিদপুরে গ্রেফতার করেছে র্যাব-১০
- আপডেট সময় : ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

রেজাউল করিম – ফরিদপুর
ফরিদপুরে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর আভিযানিক দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা নং–৬৮(০৪)২১, ধারা ৩৬(১) সারণির ৮(ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কবির হোসেন (৪৫)-কে সকাল ৭টা ২৫ মিনিটে ফরিদপুরের মমিনখার হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন নুরু মন্ডলের ডাঙ্গী এলাকার বাসিন্দা।
অন্য এক অভিযানে একই মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল সরদার (৩৮)-কে সকাল ৭টা ৫৫ মিনিটে কোতয়ালী থানার জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে আটক করা হয়। তিনি মৃত আ. করিম সরদারের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল বলে স্বীকার করেছে।
পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















